মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:১৮
মৌলভীবাজারে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান পরিচালিত
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
১৪ মার্চ শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, খাল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি পরিষ্কার করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এ সময় ডেঙ্গু রোগের ঝুঁকি, লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। তাই এডিস মশার বিস্তার রোধে সকলকে নিজ নিজ বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার জন্য সচেতন থাকতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদসহ অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, মৌলভীবাজার জেলার প্রতিটি নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। বাসাবাড়ির ছাদ, ফুলের টব, টায়ার, পানির ট্যাংক, ফ্রিজের ট্রে কিংবা যে কোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। “তিন দিনে একদিন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন”এই বার্তাটি আমাদের সবার মনে রাখতে হবে।