আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ বিকাল ০৫:০৮:২৬
করিমগঞ্জে ৯ বস্তা ভিজিএফের চাল উদ্ধার, বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
চাল আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করলে মুক্তি পান।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য এসব ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে একটি চক্র চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে গোপনে মজুদ করে রাখে বলে অভিযোগ ওঠে।
এ তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা চাল পরে করিমগঞ্জ উপজেলা পরিষদ এতিমখানা হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯ বস্তা চাল জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি। তবে তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই এখানে মূল বিষয়।