সাদ্দাম হোসেন মুন্না খান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ রাত ০৮:৩৮:২৯
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অভিযানে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ, প্রাঙ্গণ ও আশপাশের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে মৌসুমি রোগবালাই, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতি ও নিবিড় তদারকিতে কর্মসূচিটি পরিচালিত হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা গেলে তা তাদের জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ওঠা এই সচেতনতা শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।