দেওয়ান সবুজ, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৩:৫৬
টহলরত নৌ-পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আহত ৫
পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির টহলরত সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে সন্ত্রাসীদের গুলিতে ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। আহত অন্যরা হলেন—ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই একই নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।