নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৫:৪৬
নরসিংদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নরসিংদীর শীলমান্দীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জোনায়েদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় জোনায়েদ। পরিবারের খোঁজাখুঁজির পর আজ সকালে ডোবার পাশে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।