কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২১:৪৩
আনসার-ভিডিপির নিয়োগে স্বচ্ছতার নতুন ধারা, তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার বাহিনীতে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। হাজারখানেক চাকরি প্রার্থীর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্যগত পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে মৌলিক বাছাইয়ে যোগ্যতম ব্যক্তিরা চাকরি পাবেন।
পরে একাডেমির প্রশাসনিক ভবন মিলনায়তনে 'আনসার বাহিনীর সংস্কার ও ভিশন ৩৬' বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেন আনসার বাহিনীতে নিয়োগে আগে বিভিন্ন পর্যায়ে অনৈতিকতার চর্চা ছিল সেটি সম্পূর্ণ রহিত করে যোগ্যতম ব্যক্তিদের বাহিনীর সদস্য করা হচ্ছে।
এসময় তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির এই নিয়োগ পদ্ধতির যুগান্তকারী পরিবর্তন সরজমিনে মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সাথে, জুলাই গণঅভ্যুত্থানোত্তর বাহিনীর সংস্কার উদ্যোগ ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে প্রশাসনিক সংস্কার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্রও প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
এসময় আনসার ও ভিডিপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।