মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৬:৫৩
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুধীর বিশ্বাস জুড়ি উপজেলার বাসিন্দা ছিলেন। ঘটনার দিন সকালে তিনি মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলালপুর এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন ওই লাইন দিয়ে অতিক্রম করলে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।