রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫৭
লক্ষ্মীপুরে হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
দেশে হাম-রুবেলার সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে লক্ষ্মীপুরে শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সারা দেশের সঙ্গে একযোগে জেলার সদর হাসপাতালসহ বিভিন্ন কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
এই বিশেষ ক্যাম্পেইনে জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিতে যেসব শিশু টিকা নেওয়া থেকে বাদ পড়েছে, তাদেরও এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
শনিবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম। এ সময় সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পালসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বিশেষ ক্যাম্পেইনে লক্ষ্মীপুর জেলায় মোট ৭৭ হাজার ৭৬০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেলার ৬টি স্থায়ী ও ১ হাজার ৪৭৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে।
উদ্বোধন শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম বলেন, ৯ থেকে ১৫ মাস বয়সে শিশুদের যে দুটি টিকা দেওয়া হয়, সেটি এমআর ভ্যাকসিন হিসেবে পরিচিত। সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী নির্ধারিত টিকা অবশ্যই নিতে হবে। এর পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজও শিশুদের নিতে হবে।
তিনি বলেন, ‘মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন। হাম-রুবেলার যে ভ্যাকসিন, অবশ্যই আপনারা সবাই দেবেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদানের কোনো সুযোগ বাদ না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।