হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৭
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে হাতিয়ায় বৃষ্টি, দুর্ভোগে জনজীবন
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত বৃহস্পতিবার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেখা দিয়েছে শীতের অনুভূতি। বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক জেলে মাছ ধরা থেকে বিরত থেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে কৃষি, মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও ইটভাটার কাঁচা ইট নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন এসব পেশার সঙ্গে জড়িত মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাতিয়ার উপকূলীয় এলাকার জেলেদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাতিয়া আবহাওয়া অফিসের সহকারী পরিচালক বাবুর রহমান জানান, গতকাল থেকে হাতিয়ায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।