আব্দুল জব্বার, নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৭:১৭:০০
শরীয়তপুরে ১০ মাসে কোরআনে হাফেজ হয়েছেন ৯ বছরের সিফাত উল্লাহ
শরীয়তপুরের নড়িয়া উপজেলা-এ মাত্র ১০ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন ৯ বছর বয়সী মোঃ সিফাত উল্লাহ। অল্প সময়ে তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।
সিফাত উল্লাহ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে। তিনি নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুর এলাকার আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের ছাত্র।
তিনি বলেন, “আল্লাহর প্রতি অনেক শুকরিয়া, তিনি মাত্র ১০ মাসে আমাকে হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে আমি আলেম হব এবং কোরআনের খেদমত করব।”
পারিবারিক সূত্রে জানা যায়, সিফাত উল্লাহর বাবা মাহমুদুল ইসলাম নড়িয়া উপজেলার এস. আর. মসজিদে পেশ ইমাম হিসেবে কর্মরত থাকায় পরিবার সেখানে বসবাস করছে। ছেলের পড়াশোনার জন্য তাকে স্থানীয় আল-কোরআন একাডেমিতে ভর্তি করানো হয়।
তার বাবা মাহমুদুল ইসলাম বলেন, “ছেলে ছোট থেকেই মেধাবী। প্রথমে তাকে আল-কোরআন একাডেমিতে ভর্তি করি। কায়দা থেকেই সে ভালো করছিল। পরে হেফজ বিভাগে ভর্তি করা হয়। প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। আমার আশা, ছেলে বড় হয়ে একজন হক্কানি আলেম হবে এবং দ্বীনের খেদমত করবে।”
আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “সিফাত উল্লাহ মাত্র ১০ মাস ১৭ দিনে কোরআনের হাফেজ হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
একাডেমির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন বলেন, সিফাত উল্লাহ প্রতিদিন ৫ থেকে ১০ পৃষ্ঠা পর্যন্ত সবক দিত। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সে অল্প সময়ে হেফজ সম্পন্ন করেছে।
স্থানীয়রা জানান, ছোট বয়সে এমন অর্জন এলাকায় অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।