বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ১১:০০:২২
বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহত, আহত ১
যশোরের বেনাপোল স্থলবন্দরে মালামাল লোডিংয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর দুই শ্রমিক একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করছিলেন। এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে ভারী স্টিলের সিট তাদের ওপর পড়ে।
ঘটনাস্থলেই শাহাজান আলী (৪৫) নিহত হন। গুরুতর আহত হন সোহেল নামের অপর এক শ্রমিক। আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী জানান, টিটিআই মাঠের ৩৮ নম্বর শেডে প্লেন সিট লোড করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন গুরুতর আহত হন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরাতন ও ত্রুটিপূর্ণ ক্রেন ও ফর্কলিফট ব্যবহার করা হচ্ছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিকদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নিহত শাহাজান আলী বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। আহত সোহেল একই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এ মর্মান্তিক ঘটনায় বেনাপোল স্থলবন্দর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যশোর সদর হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি।