লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ রাত ০৬:৪৯:৩২
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ ৩০০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বক্তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অসহায় মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকার প্রতিনিয়ত কাজ করছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের দিন কিছুটা স্বস্তি পায়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং পারস্পরিক সহমর্মিতা জাগ্রত করে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার বলেন, সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি ধারাবাহিক কার্যক্রম। প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে ৩০০ জন উপকারভোগীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই অর্থ তাদের ঈদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসচ্ছল মানুষের জন্য এ সহায়তা অব্যাহত রাখার দাবি জানান। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।