মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ১১:০৩:১৪
মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটি-এর আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়াল। এতে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধিরা ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকার প্রদত্ত আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের কর্মসূচি মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।