রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ বিকাল ০৫:২৬:৩০
ধুনটে আওয়ামী লীগ নেতার মারধরে বিএনপি কর্মী আহতের অভিযোগ
ঘটনার পর আহত ব্যক্তির চাচাতো ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম খোকন ও তার ভাই খায়রুজ্জামানকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে শরিফুল ইসলাম খোকন স্থানীয় চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং দীর্ঘদিন ধরে এলাকায় একটি লেয়ার মুরগির খামার পরিচালনা করে আসছেন। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধ ও আশপাশের জমির ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম খানের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে শরিফুল ইসলাম খোকন ক্ষিপ্ত হয়ে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে শফিকুল ইসলাম খানের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় শফিকুল ইসলামের ব্যবহৃত শ্যালো মেশিন ভাঙচুর করা হয়। এসময় তার ছেলে সোহান খান বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের ছেলে সোহান খান অভিযোগ করে বলেন, “খোকন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় বিভিন্ন সময় প্রভাব বিস্তার করেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের নামের তালিকা থানায় দিয়েছিলেন বলেও আমরা শুনেছি। এছাড়া বিশ্বহরিগাছা বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
তবে এ বিষয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম খোকনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুস শুকুর বলেন, “বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”