মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া, উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ০২:১১:৪৯
অসহায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন সংসদ সদস্য এসএম জিলানী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মূল্য বেশি, তাই জমির ধান কাটতে পারছিলেন না ৩ মেয়ের মা অসহায় বিধবা নারী নমিতা বিশ্বাস। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই নারীর ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের নমিতা বিশ্বাসের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
আগামী ১ সপ্তাহ নেতা-কর্মীদের নিয়ে অসহায় মানুষের ধান কেটে দেয়ার ঘোষণা দেন এ সংসদ সদস্য।
এ নিয়ে নমিতা বিশ্বাস বলেন, ‘আমার ৩ মেয়ে। স্বামী মারা গেছে। শ্রমিকের দৈনিক মূল্য ১ হাজার ২শ’ টাকা। টাকা না থাকায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। এমপি এসএম জিলানী লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সংসদ সদস্য এসএম জিলানী বলেন, ‘চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ ধান কাটতে মানুষের পাশে দাঁড়াব।’