শাহপরান, কসবা, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ সকাল ১০:৫৩:০১
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, নিহত ২ কিশোর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খালে উল্টে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ট্রাক চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা দুই কিশোর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কসবা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।