হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৩:৪০
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
শুক্রবার(২৫সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে সীমান্তসংলগ্ন একটি কবরস্থানের জঙ্গলের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৫,০০৫টি ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর বাজারমূল্য মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। জব্দ করা চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া সরাইল ব্যাটালিয়নের দেওয়া তথ্যানুযায়ী,২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং প্রায় ১০৭ কোটি টাকা মূল্যের অন্যান্য চোরাচালানী মালামালসহ মোট ১১২ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
এ সব ঘটনায় মোট ২৫ জন আসামিকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।