শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১২:২৫:১৫
মতলব উত্তরে ইটভাটায় বিসিএস চিকিৎসকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিজ ইটভাটায় কীটনাশক সেবন করে ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব (৩৮) নামে এক বিসিএস চিকিৎসকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার আমুয়াকান্দা-চর পাথালিয়া এলাকায় তার মালিকানাধীন ইটভাটায় এ ঘটনা ঘটে।
ডা. রাজিব বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন এবং তিনি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে তিনি ব্যক্তিগত চেম্বার পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক আর্থিক ক্ষতির কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে গেছেন, যেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করলেও পরিবারের কাউকে দায়ী করেননি।
নিহতের স্ত্রী ডা. নওরীন বারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের দুটি অবুঝ সন্তান রয়েছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।”
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুফরাত বিন ফারুক জানান, সকালে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, ভোর রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।