কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ০৯:৩০:৫১
সৌদিতে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন
সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার (৩৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আল খারিজের স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজা ও দাফন অনুষ্ঠানে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ লেবার উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া নিহত হন।
এদিকে, নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার ও একটি রাজনৈতিক সংগঠন। তারা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান এবং সান্ত্বনা জানিয়েছেন।