আধুনিক ও নিরাপদ মেঘনা গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন ড. খন্দকার মারুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:২০
আধুনিক ও নিরাপদ মেঘনা গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন ড. খন্দকার মারুফ
কুমিল্লার মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির মাসিক সভা বুধবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আধুনিক মেঘনা গড়ে তোলা সম্ভব।
কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর পক্ষে ড. মারুফ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভার সভাপতি ও মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও অপরাধ দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জননিরাপত্তা জোরদারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “মনে রাখতে হবে, আপনারা জনগণের সেবক। আপনাদের আচরণ ও সকল সরকারি কর্মকাণ্ডে সেবার মনোভাব থাকতে হবে। তাহলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আধুনিক মেঘনা উপজেলা গড়ে তোলা সম্ভব হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে ড. খন্দকার মারুফ সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মেঘনা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।