লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২০:২০
পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের দাদা, নাতি ও নাতনির মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের দাদা, নাতি ও নাতনির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকার ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী ওই বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাকে আর পানির ওপরে উঠতে দেখা যায়নি। পরে দাদাকে খুঁজতে পানিতে নামে পিয়াস ও পপি। এরপর তারাও পানিতে ডুবে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।