শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩২:০৬
কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত এরফানুর রহমান (৩২) উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিজ কর্মস্থল থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ঢাকার এক নারীর সঙ্গে এরফানুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। তবে পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে গত ১০ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ১৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।