হীরা আহমেদ জাকির, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মে ২০২৬ রাত ০৬:১৬:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরেও চালু হয়নি বর্জ্য থেকে জৈব সার তৈরির কারখানা
পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদনের লক্ষ্য নিয়ে নির্মাণ করা হলেও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য শোধন ও জৈব সার উৎপাদন প্ল্যান্ট এখনো চালু হয়নি। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকায় জনমনে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
জানা গেছে, পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁ থেকে প্রতিদিন প্রায় ৭০ টন বর্জ্য উৎপন্ন হয়। এসব পচনশীল বর্জ্য পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনা এবং তা থেকে জৈব সার উৎপাদনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর একটি কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ২০২১ সালের ৩০ এপ্রিল জেলার ছয়বাড়িয়া এলাকায় “পরিবেশসম্মত আবর্জনা ব্যবস্থাপনা কেন্দ্র (স্যানিটারি ল্যান্ডফিল্ড)” নির্মাণ করা হয়। প্রকল্পটির আওতায় বর্জ্য শোধন ও জৈব সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতিও স্থাপন করা হয়।
তবে নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্ল্যান্টটিতে এখনো কোনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি। ফলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। উল্টো প্ল্যান্টটি অযত্নে পড়ে থাকায় সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকি, দক্ষ জনবল নিয়োগ এবং কার্যকর ব্যবস্থাপনার অভাবেই প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। দ্রুত প্ল্যান্ট চালুর উদ্যোগ না নিলে ভবিষ্যতে অবকাঠামো ও যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা মনে করছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্ল্যান্টটি চালুর মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ বলেন, “এটি পরিবেশ অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্প। প্ল্যান্ট চালুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।”