মো. সুমন, রাঙ্গাবালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ রাত ০৯:২২:৫৪
৫৮ দিনের নিষেধাজ্ঞায় রাঙ্গাবালীতে অভিযান, মাছ ও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ
গত ১৭ মে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত রাঙ্গাবালীর সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গাবালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
জব্দ করা মাছগুলো পরে রাঙ্গাবালীর কোরালিয়া এলাকার কয়েকটি এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতিবছরই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল ও ডান্ডি জালও জব্দ করা হয়। পরে ফুলখালী স্লুইসঘাট এলাকায় জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের রাঙ্গাবালী আউটপোস্টের সদস্যরা সহযোগিতা করেন।