মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ রাত ১০:২৪:৪১
নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে থানায় মামলা আবেদন
নওগাঁ সদর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর এলাকার মোছা. বানু বেগম (৩৩) প্রায় সাড়ে তিন বছর আগে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের বাসিন্দা মো. রাকিব হোসেন (৫৮)-এর সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। দাবিকৃত অর্থ না দেওয়ায় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর ভাষ্য, গত ১০ মে সকাল সাড়ে ৯টার দিকে স্বামীর বাড়ির পাশের একটি জমিতে তাকে ডাকতে গেলে পুনরায় যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হলে স্বামী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসা নেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি তাকে হত্যার হুমকি দিচ্ছেন এবং আগের স্ত্রীর সঙ্গে সংসার করার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।