লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬ রাত ০৮:৫২:২৯
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস সুমন লালমনিরহাট কারাগারে
লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক মিনিস্টার (পাবলিক ডিপ্লোমেসি) মো. সাব্বির বিন শামস সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ী বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করে পুলিশ। পরে তদন্তে আলোচিত ছয় কিশোর নিহতের মামলায় তাকে আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, তার কাছ থেকে দুটি লাল পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী দাবি করেছেন, ঘটনার সময় সাব্বির বিন শামস সুমন লালমনিরহাটে ছিলেন না। তারা উচ্চ আদালতে জামিন আবেদন করবেন বলেও জানিয়েছেন।