হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:১২
হাতিয়া থেকে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৯
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. রাশেদ (প্রধান মাঝি); নোয়াখালীর হাতিয়া উপজেলার মাইনউদ্দিন বাজার এলাকার মো. হানিফের ছেলে মো. রাশেদ; সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মজিদ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মনির, মো. কামালের ছেলে মো. আফসার উদ্দিন, মো. মোশাররফ হোসেনের ছেলে মো. শেহেনাজ এবং মো. জসিমের ছেলে মো. রুবেল; হাতিয়া উপজেলার ফরাজি গ্রামের নুরুল আমীনের ছেলে ফজলুল হক; তমরুদ্দি এলাকার লোকমান হোসেনের ছেলে মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।