মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে:
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ রাত ০৯:৪১:৪১
মানবকল্যাণে কাজ করছে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’: এমপি মুজিবুর রহমান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’–এর উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ হিসেবে একজন মানুষের প্রধান কাজই হলো আরেকজন মানুষের উপকার করা। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ সেই মানবকল্যাণমূলক কাজই করে যাচ্ছে। তিনি আরও বলেন, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, স্থায়ী হয়ে থাকে মানুষের ভালো কাজ।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মামুন, কার্যক্রমের প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ এবং সরফরাজ আহমেদ সরফু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর সভাপতি আব্দুর রকিব রাজু, প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস এবং নির্বাহী কমিটির সদস্য এম ইলিয়াছুর রহমান পাপ্পু।
হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর সার্বিক ও আর্থিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির নেতা একরামুল কবীর, মসদ্দর আলী, মকসুদ আলী ও মাওলানা নোমানী প্রমুখ।
বক্তারা বলেন, ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ গত আট বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নানাবিধ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যসামগ্রী বিতরণসহ নানা মানবিক উদ্যোগ।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু জানান, মানবতার সেবায় ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ অতীতের মতো এবারও উপজেলার ১ হাজার ৫৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মামুন বলেন, প্রতিটি খাদ্যসামগ্রীর ব্যাগে একটি পরিবারের রমজানের বাকি দিনগুলো চালানোর জন্য প্রয়োজনীয় চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, ছোলা ডাল ও সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী রাখা হয়েছে।
এদিকে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য এম ইলিয়াছুর রহমান পাপ্পু বলেন, ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড অনুসরণ করে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানরাও মানুষের দুঃসময়ে এগিয়ে আসবেন।