মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৮:০৩
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য মো. আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিল্লাদ হোসেন মিরাশদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল হাসানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে এ অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ ওঠে। অভিযোগের মধ্যে রয়েছে—আশীদ্রোণ ইউনিয়নের চার গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে হয়রানি, বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় পরিচয়ে প্রভাব খাটানো, এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা, ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে সরকারি পাঠ্যপুস্তক সংগ্রহ ও তা বিক্রির অভিযোগ।
এছাড়া, নিজ দলের নেতাকর্মীরাও তার কর্মকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক আশরাফুল ইসলাম লিয়াকতসহ আশীদ্রোণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দায়ের করেন তিনি।
এসব ঘটনার প্রতিবাদে গত ১৩ এপ্রিল শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর তিন দিনের মাথায় দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
এদিকে, আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। আশীদ্রোণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশা করছেন।