ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ রাত ০৬:৫৮:৫০
ভৈরবে পায়ে সাইকেল লাগাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে পায়ে সাইকেল লাগাকে কেন্দ্র করে রেহানা বেগম লিলি নামের (৭০) বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ উঠানে ঝাড়ু দিচ্ছিলেন বৃদ্ধা রেহানা বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার ৫ বছরের শিশু সন্তান উঠানে সাইকেল চালানোর সময় বারবার বৃদ্ধার পায়ে চাকা তুলে দেয়। এসময় তিনি শিশুটিকে ধমক দেন। এর জেরে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগম বৃদ্ধার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লিমন বোস জানান, নিহত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।