নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ সকাল ১১:২৬:৩১
অবশেষে কমলো সোনার দাম
দেশের বাজারে ছয় দফা দাম বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৪ মার্চ বুধবার সকালে এই নতুন দাম ঘোষণা করেছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ
৭৭ হাজার ৪২৮ টাকা। ফলে একদিনের ব্যবধানে এই বড় পতন দেখা গেছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক
বাজারে স্বর্ণের দাম কমা এবং স্থানীয় তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়
এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন ২
লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও যথাযথভাবে
সমন্বয় করা হয়েছে। এই দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুসারে বাজারে স্বর্ণের দাম প্রতিদিন
পর্যালোচনা করে সমন্বয় করা হয়। সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের
কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উত্থান-পতন দেখা গেছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক
বাজারে স্বর্ণের দাম কমার প্রভাব এখন স্থানীয় বাজারে পড়েছে।
এই পতনের ফলে সোনার গয়না ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে,
বিশেষ করে বিয়ের মৌসুমে। তবে বাজার পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির উত্তেজনা
অব্যাহত থাকলে দাম আবার বাড়তে পারে। রুপার দাম অপরিবর্তিত রয়েছে।