নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ রাত ০৬:৫৩:২৪
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম অ্যালামনাই সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এমপি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. খালেদ, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল বিল্লাহ শিমুল। পরে সাধারণ সম্পাদক মুহাম্মদ নজমুল ইসলাম ক্লাবের গত পাঁচ বছরের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ৬৪০-এর বেশি এবং এটি দেশের অন্যতম সক্রিয় অ্যালামনাই সংগঠনে পরিণত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্লাবের শিক্ষা সহায়তা, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের অ্যালামনাই সংগঠন সরকারের উন্নয়ন অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তখনই পূর্ণতা লাভ করে যখন প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে নেতৃত্ব দেয়। তিনি ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল ও সক্রিয় অ্যালামনাই সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্লাবের স্কলারশিপ কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও ক্লাবের মধ্যে ভবিষ্যতে আরও নিবিড় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরাও তাঁদের বক্তব্যে ক্লাবের পাঁচ বছরের সাফল্য, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব এবং সদস্যদের ঐক্যের প্রশংসা করেন। তাঁরা বলেন, পেশাগত নেটওয়ার্কিংয়ের পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্থায়ী বৃত্তি কর্মসূচি, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ‘ক্যাম্পাস টু করপোরেট’সহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ, শিল্পকলা ও আলোকচিত্র প্রতিযোগিতা এবং মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্থায়ী ক্লাব কমপ্লেক্স প্রতিষ্ঠা, স্কলারশিপ ফান্ড সম্প্রসারণ, আন্তর্জাতিক অ্যালামনাই নেটওয়ার্ক গঠন, ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি এবং সদস্যসেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দাতা সদস্য, স্পন্সর ও কর্পোরেট পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ছিল অনুষ্ঠানের টাইটেল স্পন্সর।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাব ও ধৃতি নর্তনালয়ের নৃত্য পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর সঙ্গীত পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পরে র্যাফেল ড্র এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।