নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৫:৪৪
চলতি সপ্তাহেই অনলাইন-অফলাইন ক্লাসের সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি অনলাইনে ক্লাস করানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে।
৫ এপ্রিল রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই-একদিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে। সেখানে সবার মতামত গ্রহণ করা হবে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করা হবে। এরপর আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজকের কর্মসূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বসেছি। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শগুলো শুনেছি।
বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় স্বার্থে আমাদেরও কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে হচ্ছে।