নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ রাত ০৬:৫৪:২৭
শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে চীন সফরে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।
সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী চীনের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন । এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে সফরে।
সফরকালে চীনের সাথে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।