মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ রাত ১০:৩৪:৫৪
চিরনিদ্রায় শায়িত ধামরাইয়ের কৃতি সন্তান অভিনেতা সোহেল খান, শোকের ছায়া রাজাপুরে
ঢাকার ধামরাইয়ের রাজাপুর গ্রামের কৃতি সন্তান ও চলচ্চিত্র অভিনেতা সোহেল খান আর নেই। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
এদিকে, সোহেল খানের মরদেহ তাঁর নিজ গ্রাম ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুরে নিয়ে আসা হয়। মঙ্গলবার মাগরিবের নামাজের পর সেখানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এলাকাবাসী জানান, সোহেল খান ছিলেন রাজাপুর গ্রামের গর্ব ও গুণী সন্তান। অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। একজন কৃতি সন্তান ও অভিনেতাকে হারিয়ে শোকাহত রাজাপুরবাসী। তাঁর স্মৃতি ও অবদান এলাকাবাসীর হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।