নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:১৩
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ মিলেছে ১ হাজার ৪০২ জনের শরীরে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং উপসর্গে ১ হাজার ১৬৪ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ঢাকা বিভাগেরই চারজন। এছাড়া খুলনার একজন ও সিলেটের একজন রোগী রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৩২৫ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের।
এ নিয়ে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫০ জনের এবং হামের উপসর্গ মিলেছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের শরীরে।
এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
এর আগে মঙ্গলবারও (৩ নভেম্বর) হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। এদিন হাম ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩১৮ জন।