নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ রাত ১১:০৪:৫৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭১
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৯ জন, খুলনা বিভাগে ১৩৩, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।
গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।