নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ রাত ০৭:৩৬:৩১
প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘আলো ক্লিনিক’ পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ক্লিনিকের ডিজিটাল ডাটাবেজ, রোগী নিবন্ধন প্রক্রিয়া এবং পেপারলেস প্রেসক্রিপশন পদ্ধতির প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, “বস্তিবাসীর জন্য এমন আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা সত্যিই অনুকরণীয় উদ্যোগ।” এ সময় তিনি ডিজিটাল সিস্টেমে রোগীর পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসা-ইতিহাস সংরক্ষণের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তিনি এনজিও সিএসএফ গ্লোবাল পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের ‘হিউম্যান ব্রিজ’ বা ‘মানবিক সেতু’ হিসেবে আখ্যায়িত করেন।
ড. এম এ মুহিত বলেন, “প্রতিবন্ধী হওয়া কোনো সমস্যা নয়; আসল সমস্যা হলো সমাজের বিভিন্ন স্তরে সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতা। সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের নিয়ে আসার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা আমাদের সম্মিলিতভাবে দূর করতে হবে।”
প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। সরকার ও এনজিওগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।”
পরিদর্শনকালে সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।