নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ রাত ১০:৪২:৩৭
হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল প্রায় চার মাসে হাম এবং এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় আরো ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন প্রাণ হারিয়েছেন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে রাজশাহী বিভাগ, সেখানে মারা গেছে ৮৯ জন। এছাড়া সিলেটে ৮৮, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪২, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে নয়জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৯০১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮০০ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩১১, রাজশাহীতে ১৭, সিলেটে ৬৫, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১১০, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪৬, রংপুরে ৯ জন।
এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ৮৩১। এর মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন হাসপাতাল ছেড়েছেন। দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ৮৯৯। হাম রোগী নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬।