নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:০১:১১
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ চিত্র দেখা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে নতুন করে ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (৩ জন)। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।
নতুন শনাক্ত ৯৫০ জন সন্দেহজনক রোগীর মধ্যে সর্বোচ্চ ঢাকায় ৪০৯ জন এবং চট্টগ্রামে ২২২ জন শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১১৯ জন, সিলেটে ৬২ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১৮ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
একই ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫৪ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৮ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২২,১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মোট ১৫,১৯৪ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।
জেলা ও বিভাগ বিবেচনায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু ও আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ পর্যন্ত মোট ১০৪,৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০১,০৫৬ জন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত হাম উপসর্গে ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে।