নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:২৬
বিশ্বের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ফুসফুস রোগ
সারাবিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ ফুসফুস রোগ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে বিশ্ব ফুসফুস দিবস ২০২৬ উপলক্ষে এ লাইফ টাইম অব লাং হেলথ প্রতিপাদ্যকে সামনে রেখে চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বৈজ্ঞানিক কর্মশালায় এ তথ্য জানান তারা।
সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ফুসফুস ভালো রাখার প্রথম শর্তই হলো ধূমপান ও জর্দা-গুলের মতো তামাকজাতীয় দ্রব্য সম্পূর্ণ পরিহার করা। সারা বিশ্বের ৩০% মানুষ বক্ষব্যাধি রোগে আক্রান্ত। এরমধ্যে সারা বিশ্বের মানুষের মৃত্যুর পাঁচটি প্রধান কারণের চারটি প্রধান কারণই হলো রেসপিরিটোরি জনিত।
তারা বলেন, বিজ্ঞান ইতোমধ্যে যক্ষ্মার জীবাণুর বিরুদ্ধে কার্যকর চিকিৎসা উদ্ভাবন করেছে। এখন রোগ নির্মূলে সমাজের সম্মিলিত দায়িত্ব হলো অবহেলা, কুসংস্কার ও সামাজিক কলঙ্ক দূর করা।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং দ্যা চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।
এসময় সভায় বিশ্ব ফুসফুস দিবসের গুরুত্ব অনুধাবন করে সভায় অকুপেশনাল লাং ডিজিজের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। চিকিৎসকরা বক্ষব্যাধি রোগের আধুনিক চিকিৎসা ও রোগের প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দফতর সম্পাদক ও সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনির্ভাসিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ, বক্ষব্যাধি হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. জিয়াউল করিমসহ বক্ষব্যাধি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা।