নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩৪:৫৩
ফিলিপাইনের হাইস্কুলে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৮
ফিলিপাইনের একটি হাইস্কুলে ১৬ বছর বয়সী এক বন্দুকধারী গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা এবং আরও আটজনকে আহত করার পর নিজে আত্মহত্যা করেছে। খবর বিবিসির।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনদানাও-এর বাঙ্গা শহরের একটি স্কুলের নিহত দুই শিক্ষার্থীই ছিল ১৪ বছর বয়সী। স্থানীয় মেয়র বিষয়টি নিশ্চিত করেছেন। অ্যালবার্ট পালেনসিয়া নামের ওই মেয়র জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। চলতি বছরের জুন মাসের পর থেকে এটি ফিলিপাইনের স্কুলে তৃতীয় প্রাণঘাতী গুলির ঘটনা।
ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা। কর্তৃপক্ষ তাদের তদন্ত চালিয়ে যাওয়ার কারণে আমরা সবাইকে শান্ত থাকতে এবং যাচাইহীন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
রয়টার্স নিউজ এজেন্সিকে মেয়র পালেনসিয়া জানান, শুক্রবার মধ্যাহ্নভোজের আড্ডার সময় বন্দুকধারী তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলেছিল কারণ দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। পালেনসিয়া বলেন, ‘তার বন্ধুরা বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছিল, কারণ হামলাকারী ছেলেটি রসিক হিসেবে পরিচিত ছিল। দুপুরের খাবারের পর সে শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে শুরু করে। নিজে আত্মহত্যা করার আগে সে ১০ জন শিক্ষার্থীকে গুলি করে।’
এই গুলির ঘটনার কারণে বাঙ্গা পৌরসভার সব স্তরের পাঠদান স্থগিত করা হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।
ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় তারা এই ঘটনার বিষয়ে জানতে পারে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করতে চারজন প্যারামেডিকসহ একটি অ্যাম্বুলেন্স পাঠায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে থেকে এর তদন্ত করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই অঞ্চলে ব্যক্তিগত অস্ত্র মালিকানার হার সবচেয়ে বেশি থাকা দেশগুলোর একটি হলো ফিলিপাইন এবং এ কারণে সেখানে বন্দুকসংক্রান্ত অপরাধ অস্বাভাবিক নয়। সাধারণভাবে বলতে গেলে স্কুলে এমন গুলির ঘটনা বিরল হলেও, আজকের এই ঘটনাটি গত চার মাসের মধ্যে তৃতীয় প্রাণঘাতী ঘটনা।
এর আগে গত জুনে, মধ্য ফিলিপাইনের একটি হাইস্কুলে সহপাঠীদের গুলিতে তিন শিক্ষার্থী নিহত এবং আরও অনেকে আহত হয়। তদন্তকারীদের ধারণা, বুলিং বা অনলাইন-অফলাইন উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আক্রোশ থেকে সেই মর্মান্তিক হামলার সূত্রপাত হয়েছিল।