নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ দুপুর ১২:৪০:৩৪
সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন
ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বড় ধরনের কোনো সমস্যা না থাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। এরপর সোনিয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
এরমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি হতে হয় ৭৯ বছর বয়সী রাজ্যসভার এই সদস্যকে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক বিবৃতিতে বলেছেন ‘সিপিপি-র চেয়ারপার্সন শ্রীমতী সোনিয়া গান্ধী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এখন বাড়ি ফিরেছেন।’
এর আগে জানুয়ারির শুরুতে শ্বাসকষ্টজনিত অস্বস্তির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রীকে। তখন চিকিৎসকরা দিল্লির শীত ও ক্রমবর্ধমান দূষণের কারণে সৃষ্ট ব্রঙ্কিয়াল অ্যাজমার মৃদু প্রকোপে শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের একটি সূত্র বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।
রাজ্যসভায় যাওয়ার আগে পাঁচবারের লোকসভা সাংসদ সোনিয়া গান্ধী দুই দশকেরও বেশি সময় ধরে কংগ্রেস দলের অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে রয়েছেন। তিনি দুই মেয়াদে কংগ্রেস সভাপতির দায়িত্বও পালন করেছেন এবং দলের সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।