নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬ রাত ০৯:৫৮:৩২
ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স
কয়েক ঘণ্টার তীব্র হামলা পাল্টা হামলার পর ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যা আজ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সংবাদ সংস্থাটি বলেছে: ‘হিজবুল্লাহ ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তি করেছে।
কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যায় যা ওয়াশিংটন-তেহরান চুক্তি হুমকির মুখে ফেলেছে।
লেবাননে সংঘাত তীব্র হওয়ায় আজ শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে, যা হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া নিশ্চিত করার অত্যাবশ্যকীয় এই আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২১ জন নিহত
গত রাতে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্রতর হয়। যা আজ শুক্রবার সকাল পর্যন্ত চলে। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলে আজ ইসরাইলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আরও ৩৩ জন আহত হয়েছে।
অন্যদিকে ইসরাইলের সেনাবাহিনী (আইডিএফ) জানায়, লেবাননে তাদের চার সেনা নিহত হয়েছে। এছাড়া আরও পাঁচ সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফের দাবি, হামলাগুলো হিজবুল্লাহর ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের‘ জবাবে চালানো হয়েছে।
‘লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে’
হিজবুল্লাহ ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে, যা আজ বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল বলে গোষ্ঠীর দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। সংবাদ সংস্থাটি সূত্রের বরাতে জানিয়েছে: ‘যুদ্ধবিরতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে তা কার্যকর করেছি।’