নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৪৬
দক্ষিণ আফ্রিকা ভ্রমণে বাংলাদেশিদের জন্য চালু ডিজিটাল ইটিএ, ফ্লাইট বাড়ানোর দাবি
বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণের জন্য চালু হয়েছে ডিজিটাল ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থা। গত ১২ আগস্ট ২০২৬ আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এ ব্যবস্থায় অনলাইনে ভ্রমণ অনুমোদনের আবেদন করা যাবে। এতে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
দক্ষিণ আফ্রিকায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছেন বলে প্রবাসীদের দাবি। তারা ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। প্রবাসীদের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১০০ বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে দক্ষিণ আফ্রিকায় যাতায়াত করেন।
প্রবাসীদের মতে, ইটিএ চালুর ফলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, কর্মসংস্থান ও পারিবারিক যোগাযোগ বাড়বে। তবে এ সুযোগ কাজে লাগাতে বিমান যোগাযোগ বাড়ানো, ভাড়া কমানো এবং বিমানবন্দরে যাত্রীসেবা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ করা জরুরি।
তারা বাংলাদেশ সরকারের কাছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, সরাসরি ও সংযোগকারী ফ্লাইট বাড়ানো, বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা উন্নত করার দাবি জানিয়েছেন।
প্রবাসীদের দাবি, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেমিট্যান্স উৎস। দেশটিতে বসবাসরত ব্যবসায়ী, উদ্যোক্তা ও চাকরিজীবীরা নিয়মিত বাংলাদেশে অর্থ পাঠান, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও অর্থনীতিতে ভূমিকা রাখছে।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতা একরাম উজ্জামান বলেন, ইটিএ ব্যবস্থার সুযোগ কাজে লাগাতে সরকারের উচিত দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাড়ানো, বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করা।
প্রবাসীদের প্রত্যাশা, ইটিএ চালুর সুযোগ কাজে লাগিয়ে সরকার দুই দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেবে। সহজ ভ্রমণব্যবস্থা, উন্নত বিমান যোগাযোগ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাণিজ্য, পর্যটন ও রেমিট্যান্সে নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে প্রবাসী, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ যাত্রী—সবাই উপকৃত হবেন।