শাহরিয়র ইকবাল সুমন, ব্যাংকক থেকে
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৬:৫৭
ছবি: সনজীব চক্রবর্তী
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সময়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। এতে দেশের স্বল্প আয়ের মানুষের ওপর জীবনযাত্রার চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভার দ্বিতীয় দিনে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের স্থানীয় ব্যাংকিং খাতের দুর্বলতা, বিনিয়োগে অনিশ্চয়তা এবং ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুইং বিজনেস) বৃদ্ধির মতো চ্যালেঞ্জগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি শ্লথ করে দিচ্ছে। সংস্থাটির ইঙ্গিত, নিকট ভবিষ্যতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বা মূল্যস্ফীতি কমার সুযোগ কম।
এদিকে সম্মেলনে দ্বিতীয় দিনে বিশ্বব্যাংক গ্রুপের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। আইএমএফের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক এ সংস্থার দেওয়া প্রাক্কলন বা তথ্য নিয়ে সরকার নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করতে চায় না।
এ ছাড়া অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে, আইএমএফের চলমান ও সম্ভাব্য ঋণ সহায়তার বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সংস্থাটির ইতিবাচক আলোচনা হয়েছে। অর্থনীতি পুনর্গঠনে ও সংস্কার ত্বরান্বিত করতে দুপক্ষের মধ্যস্থতা সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন।