আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬ রাত ০৯:৫১:১৩
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগমী ৯ জিলহজ বা ২৬ মে।
রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।
এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়।
বলা হয়, রোববার চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে বলেও জানানো হয়।
এদিকে, ইসলামী বিশ্বজুড়ে আনুষ্ঠানিক চাঁদ দেখার পর্যবেক্ষণের আগেই, ১৪৪৭ হিজরি সালের যুল হিজ্জাহ মাসের প্রথম অর্ধচন্দ্রের ছবিটি আবুধাবির আকাশে দিনের আলোতে তোলা হয়।
ছবিটি রোববার সকাল ৯টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধিভুক্ত আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার থেকে তোলা হয়।
এই চাঁদ দেখার মাধ্যমেই সেই মাসের শুরু নির্ধারিত হয়, যে মাসে মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং ঈদুল আযহা উদযাপন করেন।
এর আগে মুসলিম বিশ্বের দুই দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।
আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে।