নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ সকাল ১১:৫৯:৪৬
যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র
কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারর পুত্র বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ।
শনিবার (১৬ মে) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার জানান, ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ২৫ বছর বয়সী বন্দি ভাগীরথের বিরুদ্ধে ভারতের শিশু যৌন অপরাধ সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখেই তার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে।
তিনি আরও বলেন, সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক—আইনের চোখে সবাই সমান। একই সঙ্গে তার দাবি, শুরু থেকেই তার ছেলে নিজেকে নির্দোষ বলে আসছে এবং আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করতে চান।
সঞ্জয় কুমার জানান, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো দ্বিধা রাখা হয়নি। বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।