নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ সকাল ১০:০৩:৪০
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সহায়তার আহ্বান প্রত্যাখ্যান জার্মানির
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক সহায়তার দাবি প্রত্যাখ্যান করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস৷ ১৬ মার্চ সোমবার বার্লিনে এ বিষয়ে কথা বলার সময় তিনি জানতে চান ‘‘হরমুজ প্রণালিতে থাকা মুষ্টিমেয় ইউরোপীয় ফ্রিগেট থেকে ডোনাল্ড ট্রাম্প এমন কী আশা করেন, যা শক্তিশালী মার্কিন নৌবাহিনী একা করতে পারে না?’’
তারপর জার্মানির দিক থেকে সহায়তার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, জার্মানির পক্ষ থেকে ‘কোনো সামরিক অংশগ্রহণ থাকবে না৷ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত বার্লিন৷
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘এটা আমাদের যুদ্ধ নয়৷ আমরা এটা শুরু করিনি৷”
এর আগে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং জার্মানি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সামরিক কোনো উদ্যোগে অংশগ্রহণ করবে না৷
স্টেফান কর্নেলিয়াস বলেন, ‘‘এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয়৷ ন্যাটো তার নিজের সদস্যদের অঞ্চল রক্ষা করার জন্য সেখানে ছিল এবং বর্তমান (ঘটনার) ক্ষেত্রে সেখানে মোতায়েনের কোনো আদেশ ছিল না।