নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ দুপুর ১২:৪০:২০
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানের চাকায় আগুন
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়ে একটি উড়োজাহাজের চাকায় আগুন লেগেছে।
১১ মে সোমবার স্থানীয় সময় সকালের দিকে ঘটা এ ঘটনায় কয়েক জন যাত্রী আহতও হয়েছেন।
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড়োজাহাজটি ছিল তুরস্কের সরকারি বিমান পরিষেবা সংস্থা টার্কিশ এয়ারওয়েজে। মোট ২৭৭ জন যাত্রী এবং ১১ জন ক্রু নিয়ে ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুতে আসা উড়োজাহাজটি ত্রিভূবন বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা); কিন্তু রানওয়ে স্পর্শ করার প্রায় পরপরই উড়োজাহাজটির একপাশের দুই চাকায় আগুন ধরে যায়।
বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটির জরুরি নির্গমণ পথ খুলে দেওয়া হয়। সব যাত্রীদের নিরাপদে বিমান থেকে বেরও করা হয়। কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের আঘাত গুরুতর নয়। ত্রিভূবন বিমানবাহিনীর অগ্নিনির্বাপক বাহিনীর সহযোগিতায় শিগগিরই সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ত্রিভূবন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার ভারতীয় সংবাদমাদ্যম এএনআইকে জানিয়েছন, আগুন নেভানোর পাশাপাশি নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে সব যাত্রী এবং ক্রুকে বিমানটি থেকে নামানো হয়েছে।
আগুন লাগার পর বিমানটি বেশ কিছুক্ষণ রানওয়েতে আটকা অবস্থায় ছিল। এ কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যহত হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের আগমন আটকে রাখা হয়েছিল।
সূত্র : ইন্ডিয়া টুডে